Campus News

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

ঢাকা, ১৪ ডিসেম্বর: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে প্রকাশিত ফলে এবার পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন নরসিংদীর জাহাঙ্গীর আলম সান্ত। তার রোল নম্বর ২৪১৩৬৭১

এসএসসিতে নরসিংদীর বারইচা রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে জিপিএ-৫ এবং এইচএসসিতে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সান্তর এই সাফল্য পুরো নরসিংদী জেলাবাসীর জন্য গর্বের বিষয়।

পরীক্ষার ফলাফল

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী। মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। অনুপস্থিত ছিলেন দুই হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ) এবং বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন।

ভর্তি পরীক্ষায় মোট পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী (৬৬ দশমিক ৫৭ শতাংশ)। এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।

প্রথমবারের মতো একযোগে পরীক্ষা

প্রথমবারের মতো দেশে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একযোগে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি আসনে ৯ জনেরও বেশি প্রতিযোগী লড়াই করেছেন। এবছর পরীক্ষার সময় বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়।

আসন সংখ্যা

সরকারি ও বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৬টি। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজে ৫ হাজার ১০০টি এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে।

বেসরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ছয় হাজার একটি এবং ডেন্টাল কলেজে এক হাজার ৩৬০টি। মোট আবেদনকারীদের মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

ফল দেখার উপায়

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (https://result.dghs.gov.bd/mbbs) এ পরীক্ষার ফল দেখা যাবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে মোট স্কোরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে।

মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে পাঁচ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীকে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে নির্বাচিত করা হয়েছে।

বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে।

 

S.M. Siddique

S.M. Siddique একজন শিক্ষা সাংবাদিক এবং ভর্তি পরামর্শদাতা যিনি ৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত পর্যবেক্ষণ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন এবং বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা প্ল্যাটফর্মে কন্টেন্ট বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Privacy Policy About Us