স্থগিত ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা,নতুন তারিখ কবে? DU Science Unit Admission Postponed
ক্যাম্পাস ব্রেকিং নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদী। জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধার অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আজ শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই রাষ্ট্রীয় শোক পালন এবং সাবেক শিক্ষার্থী হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাবি কর্তৃপক্ষ আজকের ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
পরীক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন—কবে হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা?
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম আজ শনিবার সকালে গণমাধ্যমকে জানান, “বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে ঢাকার বাইরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কেন্দ্র জড়িত। তাই সবার সাথে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ ঘোষণা করা হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ মিটিং হতে পারে, যেখানে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে নিয়মিত দাপ্তরিক ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে। নতুন তারিখ ঘোষণা মাত্রই তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) জানিয়ে দেওয়া হবে।
পরবর্তী আপডেট: পরীক্ষার নতুন তারিখ ঘোষণা হওয়া মাত্রই আমাদের ওয়েবসাইটে (University Admission Info) তা জানিয়ে দেওয়া হবে। চোখ রাখুন আমাদের ব্রেকিং নিউজ সেকশনে।
