রাবি ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ | পরীক্ষার্থীদের জন্য জারি করা হলো জরুরি নির্দেশনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ভর্তি পরীক্ষার তারিখ, শিফট, প্রবেশপত্র ডাউনলোড ও আসনবিন্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই দুই ইউনিটের পরীক্ষা প্রতিদিন দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের (এ, বি ও সি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টার পর রোল, শিফট ও কেন্দ্রসহ অনলাইনে ইস্যু করা হবে। পরীক্ষার্থীদের অবশ্যই ২২ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এক পৃষ্ঠার হবে এবং পূর্ববর্তী বছরের মতো এবার University Copy ও Candidate Copy আলাদাভাবে দেওয়া হবে না। পরীক্ষার্থীরা স্ব স্ব ইউনিটের পরীক্ষার তিন দিন আগে প্রবেশপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করে আসনবিন্যাস জানতে পারবেন।
এছাড়া ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (admission.ru.ac.bd)-এ ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেও কেন্দ্র ও কক্ষ সংক্রান্ত তথ্য দেখা যাবে। পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রের নির্ধারিত কক্ষেই পরীক্ষা দিতে হবে। পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্র, অন্য কক্ষ বা অন্য শিফটে গ্রহণ করা সম্ভব নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা :
-
প্রবেশপত্র হবে এক পৃষ্ঠার
-
এবার University Copy ও Candidate Copy আলাদা করে দেওয়া হবে না
-
পরীক্ষার্থীকে অবশ্যই নিজ নিজ নির্ধারিত কেন্দ্র ও কক্ষে পরীক্ষা দিতে হবে
-
কোনো পরীক্ষার্থীর পরীক্ষা অন্য কেন্দ্র, অন্য কক্ষ বা অন্য শিফটে নেওয়ার সুযোগ নেই
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার দিন নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার এবং সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।
